ভারতকে না দেয়া এশিয়া কাপ শিরোপা এখন কোথায়?

0


 পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছিল ভারত। তবে চ্যাম্পিয়ন দল ট্রফি হাতে তুলতে পারেনি। ফাইনালের পরও ভারতীয়দের হাতে ট্রফি না ওঠায় ব্যাপক বিতর্ক তৈরি হয়। অবশেষে জানা গেল, ট্রফিটি বর্তমানে কোথায় রয়েছে।


সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ট্রফিটি এখন সংস্থার দুবাই সদর দফতরে রাখা আছে। স্থানটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে মাত্র চার কিলোমিটার দূরে এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কার্যালয়ের কাছেই।

ঘটনার সূত্রপাত ফাইনাল শেষে। এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। পরে নাকভি মাঠ ছেড়ে চলে যান এবং ট্রফিও সঙ্গে নিয়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এসিসির কয়েকজন কর্তা রুপালি মোড়কে ট্রফিটি নিয়ে নাকভির সঙ্গে বেরিয়ে যান।

বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া দাবি করেছিলেন, নাকভি ট্রফি নিয়ে পালিয়ে গেছেন। তবে ভারতীয় দলকে আদৌ এই ট্রফি হস্তান্তর করা হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।



এদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি রানার্সআপ হওয়া পাকিস্তান দলের হাতে মেডেল তুলে দেন এবং মহসিন নাকভিকে সঙ্গে নিয়ে প্রাইজমানি হস্তান্তর করেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুলবুল জানিয়েছেন, এসিসি ভারতকে শিরোপা পৌঁছে দেয়ার চেষ্টা করবে। এই বিষয়ে এসিসির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও তিনি নিশ্চিত করেন।

তিনি গণমাধ্যমকে বলেন, বোর্ডের সঙ্গে আলোচনা চলছে এসিসির এবং সেই মিটিংটা হয়তো আরও কিছুক্ষণ পরেই শুরু হবে। সেখানে আমি উপস্থিত থাকব। তো চেষ্টা করব আমরা যারা জয়ী হয়েছে তাদেরকে ট্রফিটা পৌঁছে দিতে।

এ প্রসঙ্গে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, চ্যাম্পিয়ন দল ট্রফি পাচ্ছে না ক্রিকেট খেলা শুরু করার পর থেকে জীবনে এমন ঘটনা আমি দেখিনি। তবে আমার মতে দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরাই আসল ট্রফি। ভারত এশিয়া কাপের চ্যাম্পিয়ন, এটাই আসল কথা।

অন্যদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা বলেন, এই ধরনের কিছু জীবনে প্রথম দেখলাম। টুর্নামেন্টে যা হলো, সবকিছুই ক্রিকেটের জন্য খারাপ। জয়ী দলকে ট্রফি দেবে তো এসিসি সভাপতিই! তার কাছ থেকে না নিলে কার কাছ থেকে নেবে?

ট্রফি এখন এসিসির দফতরে থাকলেও, ভারতীয় দলের হাতে তা শেষ পর্যন্ত তুলে দেয়া হবে কি না সেই প্রশ্নের উত্তর এখনও অমীমাংসিত।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top