আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকতার আরেক নজির গড়লো নামিবিয়া। টানা চতুর্থবারের মতো টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আফ্রিকার দেশটি। আফ্রিকা আঞ্চলিক বাছাইপর্বের সেমিফাইনালে তানজানিয়াকে হারিয়ে নিশ্চিত করেছে ২০২৬ টি-২০ বিশ্বকাপের টিকিট।
২০২১ সালে প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপে খেলে আলোচনায় আসে নামিবিয়া। ওই আসরে সুপার টুয়েলভ পর্যন্ত খেলার কৃতিত্ব অর্জন করে তারা। তবে পরবর্তী দুই আসরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়। এবারও নিজেদের জায়গা ধরে রাখতে সফল হলো দেশটি।
হারারেতে অনুষ্ঠিত সেমিফাইনালে টস জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠায় তানজানিয়া। শুরুতে ৪১ রানে ৪ উইকেট হারালেও জেরহার্ড এরাসমাস ও জেজে স্মিতের ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। এরাসমাস খেলেন ৪১ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস আর স্মিত করেন ৪৩ বলে ৬১ রান। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ দাঁড় করায় নামিবিয়া।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে তানজানিয়া। পাওয়ার প্লেতেই দুই ওপেনারকে হারায় দলটি। স্মিত দুর্দান্ত বোলিংয়ে ১৬ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। সমান সংখ্যক উইকেট নেন বেন শিকোনগো। নির্ধারিত ওভারে তানজানিয়া থামে মাত্র ১১১ রানে, ফলে নামিবিয়া ম্যাচ জিতে নেয় ৬৩ রানে।
তানজানিয়ার হয়ে অভিক পাতওয়া সর্বোচ্চ ৩১ রান করেন। মুকেশ সুথার (২৪) ও অমল রাজিভান (১৬) কিছুটা প্রতিরোধ গড়লেও জয়ের সম্ভাবনা তৈরি হয়নি।
এদিকে আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছে মোট ২ দলের। নামিবিয়ার পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকিট পাবে জিম্বাবুয়ে বনাম কেনিয়ার সেমিফাইনালের বিজয়ী দল।
নামিবিয়ার এই সাফল্যে নিশ্চিত হলো, ২০২৬ সালের ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ২০ দলের টি-২০ বিশ্বকাপে আবারও দেখা যাবে আফ্রিকার এই দলকে।
Copied from: https://rtvonline.com/

