এশিয়া কাপের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিমানে উঠেছিল বাংলাদেশ। কিন্তু সেই মিশনে পুরোপুরি ব্যর্থ হয়েছে টাইগাররা। আর ভক্তদের হতাশ করার জন্য ক্ষমা চেয়েছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন লিটন।
সেখানে সমর্থকদের উদ্দেশ্যে লিখেছেন, একটি দল হিসেবে আমরা এশিয়া কাপ ২০২৫-এ আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের মূল লক্ষ্য ছিল ফাইনালে খেলে শিরোপা জয় করা। কিন্তু দুর্ভাগ্যবশত সেই স্বপ্ন পূরণ হয়নি। এজন্য বাংলাদেশের সব নিবেদিতপ্রাণ সমর্থকদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি।
এবারের এশিয়া কাপে সুপার ফোরের দুটি ম্যাচে খেলতে পারেননি লিটন। এনিয়ে তিনি বলেন, ইনজুরির কারণে শেষ দুই ম্যাচে খেলতে না পারাটা আমার জন্য ভীষণ কষ্টের ছিল। একই কারণে আসন্ন আফগানিস্তান সিরিজেও খেলতে পারছি না। সুস্থ হওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু পারিনি, এটা আমাকে দীর্ঘদিন ব্যথিত করবে।
ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিটন আরও লিখেছেন, এই টুর্নামেন্টে প্রতিটি মুহূর্তে আমাদের পাশে থাকার জন্য আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা সত্যিই সৌভাগ্যবান যে পৃথিবীর সেরা সমর্থকরা আমাদের সঙ্গে আছেন। আশা করি খুব শিগগিরই আপনাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে পারব।
লিটন দাস এবারের এশিয়া কাপে চার ম্যাচে ব্যাট হাতে করেছেন ১১৯ রান, যার মধ্যে ছিল একটি অর্ধশতক। কিন্তু গুরুত্বপূর্ণ সময়টিতে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হওয়ায় দলের ক্ষতির শিকার হতে হয়েছে।
Copied from: https://rtvonline.com/

