আজ পর্দা উঠছে নারী ওয়ানডে বিশ্বকাপের। নানা নতুন আর চমককে সঙ্গী করে শুরু হচ্ছে ১৩তম আসর। উদ্বোধনী দিন মাঠে নামবে আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। গুয়াহাটিতে দু’দলের ম্যাচ শুরু দুপুর সাড়ে ৩টায়। আর বাংলাদেশের মিশন শুরু বৃহস্পতিবার।
৮ দেশ, ২ স্বাগতিক, ৫ ভেন্যু, ৩১ ম্যাচ। অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার। এরপর শুরু নারীদের ওয়ানডে বিশ্বকাপ। এক যুগ পর আবারও ভারতে বসছে নারীদের বিশ্ব আসর। ২০১৩ সালে সবশেষ বিশ্বকাপ হয়েছিল দেশটিতে। মাঝের এক যুগে নারী ক্রিকেটে বৈপ্লবিক পরিবর্তন এসেছেন। আবারও সেই ভারত স্বাগতিক। সঙ্গে শ্রীলঙ্কা সহ স্বাগতিক।
এবার রেকর্ড ১৫৩ কোটি টাকার প্রাইজমানি। তাতে পুরুষদেরও টপকে গেছে নারীরা। বিশ্বকাপে আট দলের একটি বাংলাদেশ। কোনো ম্যাচ না জিতলেও পাবে প্রায় ৬ কোটি টাকা।
এবার নারীদের বিশ্বকাপে আম্পায়ার-ম্যাচ রেফারি ১৮ জনই নারী। যাদের একজন, বাংলাদেশের সাথিরা জাকের জেসি। ধারাভাষ্যকার তালিকাতেও নারীদের প্রাধান্য।
তবে বিশ্ব আসরে পারফরম্যান্সে শুধুই অস্ট্রেলিয়ার আধিপত্য। আগের ১২ আসরে সর্বাধিক ৭ বার চ্যাম্পিয়ন অজিরা। চারবার ইংল্যান্ড, একবার নিউজিল্যান্ড। তবে ২০২৫ এ এসে সেই আধিপত্য ভাঙতে চায় ভারত। এ বছর সবচেয়ে বেশি ১৪ ওয়ানডে খেলেছে হারমানপ্রিত কউরের দল। জিতেছে ১০টিতে।
হারমানের বয়স এখন ৩৬। পঞ্চম বিশ্বকাপ খেলার অপেক্ষায় ভারত অধিনায়ক। তবে টুর্নামেন্টের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় নিউজিল্যান্ডের সুজি বেটস। তার বয়স এখন ৩৮।
মঙ্গলবার দুই স্বাগতিকের লড়াই দিয়ে টুর্নামেন্ট মাঠে গড়ালেও, বাংলাদেশের অভিযান শুরু হবে বৃহস্পতিবার। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। যে ম্যাচ জানান দেবে বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যত।

